রাজনীতি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবকল্যাণ ও মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতেও কাজ করছে সংগঠনটি।

রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। তবে সংগঠনটির মূল লক্ষ্য মানবকল্যাণ ও মানবসেবা।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব, হামসহ বিভিন্ন সংকটে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ফাউন্ডেশন। উত্তরাঞ্চল ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার সময়ও সংগঠনটি কার্যক্রম পরিচালনা করেছে।

আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পা হারানো ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজনের মতো মানবিক কাজও করেছে ফাউন্ডেশন। ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন রিজভী।

দেশের চলমান সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে যেন ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজেও ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। সরকারের এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। দল-মত নির্বিশেষে মানুষের সেবা করাই এর মূল লক্ষ্য। ফাউন্ডেশনে দায়িত্ব পালনকালে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণকে উদ্বুদ্ধ করা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা ফাউন্ডেশনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জিয়াউর রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…