জাতীয় সংসদের নির্বাচনি আসনের সীমানা নির্ধারণে একটি স্বাধীন কমিটির বিধান সংবিধানে সংযোজিত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
ঐকমত্য কমিশনের সভার পর দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, আগামী নির্বাচনের জন্য সীমানা নির্ধারণের কাজটি হবে নির্বাচন কমিশনের অধীনেই। কিন্তু এরপর থেকে একটি স্থায়ী কমিটির বিধান সংবিধানে সংযোজনে সব দল একমত হয়েছে।
তাহের বলেন, আদম শুমারি হয় দশ বছর পর পর। আদম শুমারির পরেই ওই কমিটি সীমানা নির্ধারণের কাজ করবে। এটি হবে একটি স্বাধীন কমিটি। এ নিয়ে সবাই একমত হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে বহু সংসদীয় আসন তছনছ করা হয়েছে। কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা দেয়ার জন্য। তাই আমরা বলেছি সীমানা নির্ধারণ স্বচ্ছ ও সঠিক হওয়ার জন্য এবার নির্বাচন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি করুক। এটা হবে বিশেষায়িত কমিটি। এরপর থেকে একটি স্থায়ী কমিটির বিধান সংবিধানে সংযোজিত হোক।
তাহের বলেন, বিএনপি প্রথমে সংবিধানে বিষয়টি সংযোজন করতে দ্বিমত প্রকাশ করে একটি আইনের মাধ্যমে করতে চেয়েছে। পরে দীর্ঘ আলোচনার পর বিএনপি রাজি হয়েছে সংবিধানে এই কমিটির বিষয় থাকবে। পরে সবাই একমত হয়েছে।







