বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো পরিকল্পিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ১৬ জানুয়ারি রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।
রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের যে প্রকল্প, সেটি একসময় ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ই বাতিল করেছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই রামপালে বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের দেশবিরোধী প্রকল্প বাস্তবায়নে বেগম খালেদা জিয়াকে কখনোই ব্যবহার করা সম্ভব হয়নি বলেই তাকে কারাবন্দি করা হয়েছে। পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।








