বাংলাদেশ

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি ছবি যেখানে একজন রাজনীতিবিদ সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ১৩ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মেয়রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিঙ্গাপুরে চিকিৎসার সাথে জড়িত থাকা ব্যবসায়ী আনিস মুহাম্মদ। তিনি জানান, বৃহস্পতিবার মেয়র রিফাতের লাশ দেশে আনা হতে পারে।

ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যা নিয়ে মেয়র রিফাতকে গত রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়রের পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন। কিছুদিন পূর্বে তার অক্সিজেন সিচ্যুরেশন কমে যাওয়ায় ফের অসুস্থ হয়ে পড়েন। গত ৬ ডিসেম্বর তাকে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পরে অবস্থার অবনতি হওয়ায় গত রোববার বিকেলে মেয়র রিফাতকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময় সাড়ে ৮টা) মারা যান তিনি।

আরফানুল হক রিফাত ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তার স্ত্রী, দু’কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের কুমিল্লার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত মেয়র রিফাত। তিনি একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও সারাদেশে সুপরিচিত।

বিষয়:আরফানুল হক রিফাত কুমিল্লা কুমিল্লা সিটি মেয়র কুসিক মেয়রের মৃত্যু সিটি মেয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…