টাঙ্গাইলে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ছবি: প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের জানিয়েছেন, কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে কমিটি সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে এবং স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও বিরোধ মীমাংসা হয়নি। এবারের ঈদেও দুই পক্ষ আলাদা আলাদাভাবে ঈদের নামাজ আদায় করে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং বুধবার সকালে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, কবরস্থানের জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






