‘বাজি’র পর কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিসট্যান্স লাভ’ মুক্তি পেয়েছে। রোমান্টিক ডুয়েট গানটি ডিজিটাল যুগে দূরত্বের ভালোবাসার আবেগকে ফুটিয়ে তুলেছে।
গানটি গেয়েছেন উদীয়মান তারকা অংকন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন (মডার্নওটাকু)। গানটির সুর করেছেন শুভেন্দু দাস শুভ। গানের কথা লিখেছেন অংকন কুমার ও কানাডাপ্রবাসী গায়িকা-গীতিকার প্রাগাতা নাওহা।
গানের কথায় উঠে এসেছে না-পাওয়া ফোন কল, নির্ঘুম রাত, ভেসে থাকা স্মৃতি আর অপেক্ষার নীরব ব্যথা।
কোক স্টুডিও বাংলার ভাষ্য অনুযায়ী:“আজকের সময়ে মুহূর্তে দূরত্ব ঘুচে গেলেও হৃদয়ের শূন্যতা থেকে যায়। ‘লং ডিসট্যান্স লাভ’ সেই অপূর্ণতার গল্প, দূরে থেকেও কাছাকাছি থাকার অনুভূতি।”
প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার কোনো গানে ব্যবহৃত হয়েছে সাদা-কালো ভিজ্যুয়াল। আলো-অন্ধকারের মিশ্রণে তৈরি হয়েছে দূরত্ব ও ভালোবাসার দ্বৈত অনুভূতি। ভিডিওটি নির্মাণ করেছে রানআউট প্রোডাকশনস, পরিচালনা করেছেন আদনান আল রাজীব।
পরিত্যক্ত গ্যালারিতে সমসাময়িক নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে প্রকাশ করেছেন ভালোবাসা ও দূরত্বের যন্ত্রণা।







