স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার এ কথা পুনর্ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
মঙ্গলবার (৫ মে) ঢাকা-১৭ আসনের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে উদ্বোধিত আইসিইউ পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি সেখানে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান জানান, নতুন আইসিইউ ইউনিটে অত্যাধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এর ফলে গুরুতর রোগীরা দ্রুত ও মানসম্মত চিকিৎসা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা।








