কিশোরগঞ্জে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় কাদা ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) সকালে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেলে গাবতলী বাজারগামী তাজুল ইসলাম (২৫)-এর ওপর বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়ে। তাজুল ধীরে যেতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের নারী পুরুষেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







