পাহাড়ে হামে আক্রান্ত শিশু ও রোগীদের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে সিএইচটি ফিল্ম সোসাইটি। শিল্প ও মানবতার মেলবন্ধনে খাগড়াছড়িতে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র ও নাট্য উৎসব।
শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) খাগড়াছড়ি পার্বত্য জেলার কালচারাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। এতে অংশ নিচ্ছে রাঙ্গামাটির জুমফুল থিয়েটার এবং খাগড়াছড়ির অরং থিয়েটার। উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে দোয়েল ওটিটি প্লাটফর্ম এর সৌজন্যে।
আয়োজকদের ভাষ্য, “শিল্প শুধু মঞ্চে বাঁচে না, শিল্প বাঁচায় প্রাণ”—এই বিশ্বাস থেকেই আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী ফিল্ম ফেস্টিভ্যাল ও মঞ্চনাটক প্রদর্শনী। উৎসব থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে দুর্গম পাহাড়ি অঞ্চলে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও সহায়তায়।
দুই দিনের এই আয়োজনে প্রদর্শিত হবে পাঁচটি আদিবাসী নাটক এবং একটি মঞ্চনাটক। সম্প্রতি নির্মিত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর গল্পভিত্তিক নাটকগুলোই থাকছে উৎসবের মূল আকর্ষণ।
২২ মে প্রদর্শিত হচ্ছে ম্রো নাটক ‘রিনা প্লুং’, ত্রিপুরা নাটক ‘খেলাংবার’ এবং চাকমা নাটক ‘ধনপুদি’। অন্যদিকে শনিবার (২৩ মে) মঞ্চায়িত হবে তঞ্চঙ্গ্যা নাটক ‘কাইন্স্যা গাঙান’, মারমা নাটক ‘মাছেং’ এবং চাকমা ভাষার মঞ্চনাটক ‘হাত্তন’।
আয়োজকরা জানিয়েছেন, একটি টিকিটেই প্রতিদিন তিনটি নাটক উপভোগ করার সুযোগ থাকছে দর্শকদের জন্য। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আর শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ১০০ টাকা।
উৎসব শেষে পর্যায়ক্রমে রাঙ্গামাটি ও বান্দরবানেও একই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকদের মতে, এটি শুধু বিনোদনের আয়োজন নয়; বরং শিল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রয়াস। তারা সবাইকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।








