প্রথম দেখায় পাকিস্তানের বিপক্ষে হারলেও ফিরতি দেখায় তাদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
মঙ্গলবার ক্রাইস্টচার্চে হওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের খেলায় টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান ৭ উইকেটে ১৩০ রান তোলে। জবাবে স্বাগতিকরা ২৩ বল বাকি রেখে এক উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।
১৩১ রানের জয়ের লক্ষ্যে দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ব্যাটিংয়ে পাকিস্তানি বোলাররা রীতিমতো তুলোধুনো হতে থাকেন। শুরু থেকেই তারা আগ্রাসী ব্যাটিং করে প্রতিপক্ষকে অসহায় বানিয়ে ছাড়েন। পাওয়ার প্লেতেই অ্যালেন-কনওয়ে জুটি স্কোরবোর্ডে ৫৭ রান তুলে ফেলেন।
ইফতিখার আহমেদের বলে ছক্কা মেরে ২১ বলেই টি-টুয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন অ্যালেন। এরপর ১০.৩ ওভারে শতরানের জুটি গড়ে ফেলেন দুই ব্ল্যাক ক্যাপস ওপেনার।
নিউজিল্যান্ডের ১০ উইকেটে জয় পাওয়াকে যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই শাদাব খানের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে অ্যালেন ফিরে যান। তার বিদায়ে ভাঙে ১১৭ রানের ওপেনিং জুটি। ৪২ বলে এক চার ও ৬ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে তিনি অবশ্য কাজের কাজটা ঠিকই সেরেছেন।
বাকি কাজটা ৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে সম্পন্ন করেন কনওয়ে। ৪৬ বলে ৫ চারে কনওয়ে ৪৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে পাকিস্তান ম্যাচের শুরু থেকেই রানের গতিকে সচল রাখতে পারেনি। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ৩০ রানের ওপেনিং জুটির পর টপ ও মিডল অর্ডার ব্যর্থ হয়।
৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদ ও আসিফ আলী ৫১ রান যোগ করায় দলীয় স্কোর ১৩০ পর্যন্ত যেতে পারে।
২৭ বলে ৩ চারে ২৭ রান করেন ইফতিখার। সাত নম্বরে নামা আসিফ ২০ বলে ৩ চারে ২৫ রান করেন। এছাড়া বাবর আজম করেন ২৩ বলে ২১ রান।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট দখল করেন টিম সাউদি, মিচেল স্যান্টনারা ও মিচেল ব্রেসওয়েল। একটি উইকেট পান ইশ সোধি।







