পরিবার-বন্ধুদের নিয়ে ‘ছোটকাকু উৎসব’-এ যোগ দিন

প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’কে ঘিরে রাজধানীতে বসছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
শিশু-কিশোরদের পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে যোগ দিতে পারবেন যে কেউ। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের প্রবেশমূল্য নেই। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে উৎসব।
‘ছোটকাকু উৎসব’ উপলক্ষে নতুন মোড়কে প্রকাশিত হয়েছে ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বাংলা বই। এর মধ্যে ১০টি বইয়ে রয়েছে দুটি করে মোট ২০টি রহস্য।
একই বইয়ের দুই পাশে দুটি প্রচ্ছদে প্রকাশিত হয়েছে গল্পগুলো। পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘ছোটকাকু’ সিরিজের চারটি অনুবাদ বই। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
সম্প্রতি বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটকাকু সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, কথাসাহিত্যিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, লেখক ও দৈনিক আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন এবং মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন।
আফজাল হোসেন বলেন, ‘ছোটদের নিয়ে ২৮ ও ২৯ তারিখে ছোটকাকু উৎসব আয়োজন হচ্ছে, এটা দারুণ খবর। কিন্তু সমস্যা হলো ছোটদের জন্য ভালো খবরগুলো ছোটদের কাছে পৌঁছায় না। ছোটদের নিয়ে আমরা কাজ করেছি, দেখেছি তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘ছোটকাকু উৎসব এমন সময়ে হচ্ছে, যখন সবকিছু চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য ২২ বছর ধরে সাগর ভাই ছোটকাকু লিখছেন, আর আফজাল ভাই ১৫ বছর ধরে পর্দায় সেটা তুলে ধরছেন। তারা নিজেরা ছোট হয়েছেন, ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আমরাও যেন ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করি।’
দুই দিনব্যাপী এই উৎসবে শিশু-কিশোরদের জন্য নানা আয়োজন থাকছে। তাই পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ছোটকাকুর জগতে হারিয়ে যেতে ২৮ ও ২৯ সেপ্টেম্বর চলে আসতে পারেন আলোকি কনভেনশন সেন্টারে।







