ছিনতাই করার জন্য দলের সদস্যদের বমি করার প্রশিক্ষণ দিতেন ‘বমি পার্টি’ নামে ছিনতাই গ্রুপ চালানোর মূলহোতা মো. স্বপন প্রকাশ ওরফে চোরা স্বপন (৫২)।
রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে তাকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ছুরি ও ছিনতাই করা টাকা জব্দ করা হয়। বাসে যাত্রীবেশে উঠে বমি করে যারা ছিনতাই করেন, তাদের কাছে ‘গুরু স্বপন’ নামে পরিচিত তিনি।
ওসি আরও বলেন, স্বপন একসময় চুরি করতেন। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হয়েছেন তিনি। এ কারণে গ্রামে সবাই চোরা স্বপন নামেই তাকে চেনেন। গ্রাম ছেড়ে ঢাকায় এসে তিনি ছিনতাই শুরু করেন। প্রথমে অন্য দলের সঙ্গে থাকলেও পরে নিজেই দল করে নেন। এরপর তিনি নিজেই ‘বমি পার্টি’ দলটি করেন। তার দলের সদস্যরা বিভিন্ন বাসে উঠে প্রথমে কৃত্রিম জটলা তৈরি করেন। এরপর তাদের কেউ একজন সেখানে কৃত্রিম বমি করেন। বমি করার পর বাসের মধ্যে এক ধরনের হৈ-হুল্লোড় তৈরি হয়। সে সুযোগে এই গ্রুপের সদস্যরা যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান।
ওসি মোহাম্মদ মহসিন জানান, তারা যে বমি করেন সেটা কৃত্রিম। চকলেট এবং পানির বিশেষ মিশ্রণে সেটি করা হয়। এই বমি করার ‘প্রশিক্ষণ’ দেন স্বপন। তাই তাকে এ ধরনের ছিনতাইকারী দলের সদস্যরা গুরু স্বপন নামেই ডাকেন।
গতকাল মঙ্গলবার ফার্মগেটে একটি বাসে স্বপন তার আরও দুই সদস্য নিয়ে ওঠেন। তারা সেখানে বমি করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা দেখে ফেলেন। এ সময় দুইজন পালিয়ে গেলেও স্বপনকে আটক করা হয়। পরে পুলিশ স্বপনের কাছ থেকে একটি ছুরি ও ৮০ হাজার টাকা জব্দ করে।
গ্রেপ্তার স্বপন বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ১০ মামলা আছে বলেও জানান ওসি মহসিন।







