পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ের একটি সামরিক বন্দরে চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুই দেশের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ মহড়ার লক্ষ্য যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।
মঙ্গলবার ৭ জুলাই দুই দেশের নৌবাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমান্ড গঠন করা হয়েছে। এই কমান্ডের অধীনেই উভয় দেশের নৌ টাস্কফোর্স মহড়া পরিচালনা করবে।

মহড়াটি তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো বাহিনীর সমাবেশ, বন্দরে পরিকল্পনা প্রণয়ন এবং সমুদ্রে যৌথ অভিযান। এর মধ্যে বাহিনী সমাবেশ পর্ব রোববার সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দেশের নৌবাহিনী কমান্ড ও কৌশলগত সমন্বয়বিষয়ক অনুশীলন পরিচালনা করে। পাশাপাশি যৌথ কমান্ড সমুদ্রে অনুষ্ঠিতব্য মহড়ার বিভিন্ন কার্যক্রম ও প্রধান বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করে। পরবর্তী ধাপে অংশগ্রহণকারী যুদ্ধজাহাজগুলো ছিংতাও উপকূলসংলগ্ন সমুদ্রে যৌথ নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং বাস্তব অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক মহড়ায় অংশ নেবে।
চীন ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই যৌথ নৌ-মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সমন্বয়, যৌথ অভিযানের সক্ষমতা এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হবে।








