চীনা পণ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্য আমদানিতে শুল্কারোপ করেছে চীন। একই সঙ্গে গুগলসহ অন্যান্য বাণিজ্য ব্যবস্থার বিষয়ে তদন্তেরও ঘোষণা দিয়েছে দেশটি।
ইউএনবি জানিয়েছে, আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার চীন এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে চীন বলেছে, তারা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্কারোপ করবে। আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে এই শুল্কহার কার্যকর হবে।
দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজের সমস্যা সমাধানে অসহযোগিতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করে। ডিসেম্বরে চীন উৎপাদনে ব্যবহৃত গ্যালিয়ামের মতো মূল উপাদানগুলোতে নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও অন্যান্য পণ্যে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মঙ্গলবার চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন বলেছে, ‘অ্যান্টিট্রাস্ট ল’ লঙ্ঘনের সন্দেহে তারা গুগলের বিরুদ্ধেও তদন্ত করছে। ঘোষণায় শুল্কের কথা উল্লেখ করা হয়নি। তবে চীনের উপর ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিট পরেই এই ঘোষণাটি এসেছে।










