লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
রোববার ৪ জানুয়ারি মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তার ওপর জোর দিয়ে এই হামলাকে ‘‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’’ বলে অভিহিত করে চীন। পাশাপাশি ভেনিজুয়েলার সরকার উৎখাত বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
এর আগে শনিবার ভেনিজুয়েলা ও দেশটির রাষ্ট্রপতির বিরুদ্ধে ‘‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’’ এবং ‘‘ স্পষ্ট বলপ্রয়োগের’’ এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে এবং ওয়াশিংটনকে জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বান জানিয়েছে বেইজিং।
প্রসঙ্গত; গতকাল শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সঙ্গে আনা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। তবে ফ্লোরেস এখন কোথায় আছেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।








