চীনা ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধের প্রতিশোধ হিসেবে এবার চীন তাদের দেশে সাউথ কোরিয়া এবং জাপানের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এই দুই দেশের নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা দেওয়াও বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সাউথ কোরিয়ার রাজধানী সিউলে বেইজিংয়ের দূতাবাস জানায়, পর্যটক হিসেবে চীনে প্রবেশকারী সাউথ কোরিয়ানদের ভিসা স্থগিত করা হয়েছে। এছাড়া জাপানের সংবাদ মাধ্যম জানিয়েছে, চীন তাদের দেশেও অনুরূপ ঘোষণা দিয়েছে।
বেইজিং বলছে, এটি একটি ‘টিট-ফর-ট্যাট’ নীতি। যতক্ষণ চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, ততক্ষণ পর্যন্ত এটা বহাল থাকবে।
কোভিড আতঙ্কে গত সপ্তাহে সাউথ কোরিয়া চীনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অবৈজ্ঞানিক’ বলে অভিহিত করেন।
চীনের নেয়া সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন থেকে আগমনের বিষয়ে তাদের নীতিটি “বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ”।
বর্তমানে চীনা পর্যটকদের কোভিড পরীক্ষায় নেগেটিভ পেলে জাপান তাদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে। অন্যথায় পজিটিভ হলে চীনে ফেরত পাঠাচ্ছে।







