এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী কাবাডি দল। চীনের সানিয়ায় অনুষ্ঠিত ম্যাচে সেমিফাইনালের পাশাপাশি একটি পদকও নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ওঠার সাথে সাথেই বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা।








