নরসিংদীর বেলাবতে গোসল করতে নেমে আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার রাতে উপজেলার আড়িয়াল খাঁ নদের বীরকান্দা ঘাটের কাছাকাছি তীরবর্তী স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নিহত তিন শিশুরা হলো- বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (১১), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৯), মৃত. ফারুক মিয়ার মেয়ে হালিমা আক্তার (৯)।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, তারা রবিবার দুপুরে কাউকে না জানিয়ে বৃষ্টি চালাকালীন সময়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ৮টার দিকে আড়িয়াল খাঁ নদের বীরাকান্দা ঘাটের কাছাকাছি স্থানে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলাব থানা পুলিশের সহায়তায় একে একে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, রবিবার দুপুরে বৃষ্টির সময় গোসল করতে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিল। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আড়িয়াল খাঁ নদের বীরাকান্দা ঘাট থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ওই তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







