মোরশেদ আলম: আবহাওয়া জনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা। দুইদিনে শতাধিক শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এসব রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকৎসকরা।
হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে বেডের চেয়ে রোগীর সংখ্যা ৩-৪ গুন বেশি। হঠাৎ শিশু রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান জানান, গত ২-৩ দিন ধরে শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছে। বেড সংকটে হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বর্তমানে বেড সংকটের মধ্যেও ১৩২ জন শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। এসব শিশু রোগীদের মধ্যে একমাস বয়স থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। গত সপ্তাহে হাসপাতালের শিশু ওয়ার্ডে বেশি রোগী ছিলো। তবে তারা পর্যায়ক্রমে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।







