রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজকের বৈঠকে মোট ২৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
এর আগে, ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার আলোচনার জন্য বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসমাইল জবিউল্লাহ ও অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা রফিকুল ইসলাম খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, এনসিপির নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত হয়েছেন।
এর মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সংলাপের উদ্বোধন করছেন। আজ তিনি দলগুলোর উদ্দেশে বক্তব্য দেবেন। আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন।








