জাপানকে ‘খুব ঘনিষ্ঠ মিত্র’ বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ও জাপানী প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশের সঙ্গে জাপানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাপানকে খুব ঘনিষ্ঠ মিত্র ও পরোপকারী বন্ধু বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকোর সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এটা নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের পরিপ্রেক্ষিতে খুব উপযুক্ত সময়। এই ঐতিহাসিক সময়ে দুই দেশের দৃঢ় সহযোগিতা প্রয়োজন।
ইকুইনা আকিকো বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং ক্রমাগত সমর্থন করে যাচ্ছে। বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সফরের উদ্দেশ্য।
জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে।
দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
জাপানের উপমন্ত্রী এসময় অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে খোজখবর নেন।






