ঈদে চ্যানেল আইয়ে ‘ছায়া’, শিশু নির্যাতনের বিরুদ্ধে সাহসী গল্প

চ্যানেল আই অনলাইন এর ‘ছায়া’ নাটকের দৃশ্য, যেখানে বিভিন্ন চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে, যা শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেন ‘ছায়া’। সিনেমাটি গেল ঈদে মুক্তি পায় দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে আইস্ক্রিনে। এবার চ্যানেল আইয়ের দর্শকরা ঈদে দেখতে পারবেন সিনেমাটি!
আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারই ধারাবাহিকতায় ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক ‘ছায়া’ দেখতে পারবেন।
‘ছায়া’ গল্পের কেন্দ্রে আছে দুই শিশু। নির্মাতা আগেই জানিয়েছেন, “শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ হয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতে ‘ছায়া’ সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিই।”
গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। এক সময় তাদের ঘরে আসে সৎমা। একসময় সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। তার পক্ষে আইনি লড়াইয়ে নামে এক আইনজীবী। শেষে সে প্রমাণ করে, মেয়েটি তার সৎমাকে মারেনি।
এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, বাবার চরিত্রে অভিনয় করেছেন পল্লব। এই সিনেমা দিয়ে ১৫ বছর পর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন শবনম বুবলী। আরও আছেন সুষমা সরকার, আসিফ নূর প্রমুখ।






