রাজধানীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্র জানায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দেওয়া হয় বলে জানায় পুলিশ। পাশাপাশি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








