১১৫ জনের বেশি মানুষ হত্যায় সরাসরি জড়িত জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে উঠে এসেছে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন।
সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। তবে তাদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সাক্ষীরা জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধ করেছেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে। এমনকি তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াও তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে সাক্ষ্যে জানিয়েছেন।
তিনি আরও বলেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও বারবার পদোন্নতি পেয়েছেন জিয়াউল আহসান। একপর্যায়ে মেজর জেনারেল হয়েছেন। সেনাবাহিনীর মূল দায়িত্বে না ফিরে দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দল ও মতের লোকজনকে দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।
তৎকালীন সেনাপ্রধান ছাড়াও মেজর সাব্বির, মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সামরিক কর্মকর্তারা তাঁদের সাক্ষ্যে জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলামের ভাষ্য, বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছেন জিয়াউল আহসান। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে।





