ক্রিকেট

গায়কোয়াড-রাচীনে মুম্বাইকে হারাল চেন্নাই

ক্রিকেট ম্যাচে চেন্নাইয়ের ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের ব্যাটসম্যান মুম্বাইয়ের বোলারকে মোকাবেলা করছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সংগ্রহটা খুব বড় করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। দেড়শতাধিক রানের সংগ্রহ গড়েও শেষ ওভার অবধি লড়াই করেছে তারা। ঋতুরাজ গায়কোয়াড ও রাচীন রবীন্দ্রের জোড়া ফিফটিতে ৪ উইকেটে জিতে আসর শুরু করেছে চেন্নাই।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে মুম্বাই। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রান করে। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে চেন্নাই।

রানতাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় চেন্নাই। রাহুল ত্রিপাঠী ফিরে যান ৩ বলে ২ রান করে। ওপেনার রাচীন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন দুজনে। দলীয় ৭৮ রানে ঋতুরাজ ফিরে গেলে জুটি ভাঙে। ৬টি চার ও তিন ছক্কায় ২৬ বলে ৫৩ রান করেন চেন্নাই অধিনায়ক।

পরে দ্রুতই আরও তিন ব্যাটারকে হারায় চেন্নাই। এক অঙ্কের ঘরে থেকেই ফিরে যান শিভম দুবে (৯), দীপক হুদা (৩) ও স্যাম কারেন (৪)। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে জয়ের কাছাকাছি যান রাচীন। জয় থেকে চার রান দূরে থাকতে জাদেজা রানআউট হয়ে ফিরে যান ১৭ রান করে। পরে শেষ ওভারে চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছান রাচীন। দুটি চার ও চারটি ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন।

মুম্বাইয়ের হয়ে ভিগনেশ পুথুর তিন উইকেট নেন। দীপক চাহার ও উইল জ্যাকস নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখান রোহিত শর্মা। মুম্বাই ওপেনার প্রথম ওভারে পেসার খলিল আহমেদের প্রথম তিন বল দেখেশুনে পার করেন। চতুর্থ বলে মিড উইকেটে ক্যাচ দেন শিভম দুবের হাতে। শূন্য রানে ফিরে যান। রোহিতের আইপিএল ক্যারিয়ারে ১৮তম রান ছাড়া ইনিংস এটি। আইপিএলের ইতিহাসে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড।

অবশ্য রেকর্ডের একক মালিক নন রোহিত। তার আগে ১৮ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও দিনেশ কার্তিক। দুইয়ে যৌথভাবে আছেন পিয়ূষ চাওলা ও সুনীল নারিন। দুজনে ১৬ বার করে আউট হন শূন্য রানে।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব ২৯ এবং দীপক চাহার ২৮ রান করেন।

চেন্নাইয়ের হয়ে নুর আহমেদ ৪ উইকেট নেন। খলিল আহমেদ নেন ৩ উইকেট।

বিষয়:আইপিএল-২০২৫ চেন্নাই মুম্বাই রোহিত শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…