বক্স অফিসে ছবির প্রথম সপ্তাহের আয় বলে দেয়, ছবিটি কী হিট হবে নাকি ফ্লপ! সে হিসেবে সুবিধাজনক অবস্থানে নেই কার্তিক আরিয়ান অভিনীত আট দিন আগে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’।
বক্স অফিসে ধীর গতিতে চলছে ‘চান্দু চ্যাম্পিয়ন’। মুক্তির অষ্টম দিন ছিলো শুক্রবার (২১ জুন), এই আট দিনে ছবিটি বক্স অফিসে আয় করেছে প্রায় ৩৮ কোটি রুপি। অথচ ছবিটির নির্মাণ ব্যয় ১২০ কোটির মতো!
মহারাষ্ট্রের বাসিন্দা ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। যেখানে কার্তিকের অভিনয় প্রশংসা পেয়েছে বেশ। আর এই গল্পের ঘটনা বাস্তব, যা সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক কবীর খান।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ কার্তিক ছাড়াও রয়েছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানি প্রমুখ।
১৪ জুন ছবিটি ভারতের প্রায় ৩ হাজার ২ শ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।







