আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে বুধবার। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগেরদিন দুঃসংবাদ পেল ২০০০ সালের চ্যাম্পিয়নরা। চোটে তারকা পেসার লোকি ফার্গুসন ছিটকে গেছেন আসর থেকে। তার জায়গায় দলে আনা হয়েছে কাইল জেমিসনকে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক নিরীক্ষায় জানা গেছে সে পুরো টুর্নামেন্টে অংশ নেয়ার মতো পর্যাপ্ত ফিট নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু ঘনিয়ে আসার কারণে এবং টুর্নামেন্টের স্বল্প সময়সীমার কথা বিবেচনা করে, ফার্গুসনকে পুনর্বাসন শুরু করার জন্য দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে রোববার নিউজিল্যান্ডের একমাত্র প্রস্তুতি ম্যাচ পায়ের চোটে পড়েন ফার্গুসন। এদিকে প্রায় একবছর পর দলে ফিরলেন জেমিসন। গতবছরের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলেছিলেন ৩০ বর্ষী পেসার। ফার্গুসনের আগে স্কোয়াডের প্রথম ক্রিকেটার হিসেবে ছিটকে গিয়েছেন বেন সিয়ার্স। তার জায়গায় দলে আসেন জ্যাকব ডাফি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর প্রস্তুতি ম্যাচে আফগানদেরও হারিয়েছে। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো চোটে কাবু হলেও নিউজিল্যান্ড দলে বড় কোনো অস্বস্তি ছিল না।







