বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে টানা হার দেখতে হয়েছে পরের পাঁচ ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ বড় ব্যবধানে হারের পর শঙ্কা জেগেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’তে কোয়ালিফাই করা নিয়েই। পাকিস্তানে হবে টুর্নামেন্ট, অংশ নিতে হলে সাকিবদের বিশ্বকাপ শেষ করতে হবে পয়েন্ট টেবিলের আটের মধ্যে থেকে।
৬ ম্যাচে এক জয় ও পাঁচ পরাজয়ে টেবিলের নয়ে আছে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগারদের ম্যাচ বাকি আর ৩টি। প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপ টেবিলের শীর্ষ আটের মধ্যে জায়গা করে নিতে বাংলাদেশকে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে। এগিয়ে থাকা দলগুলো অন্তত দুটি করে ম্যাচ জিতে বসে আছে। সাকিবদের চেয়ে রানরেটেও এগিয়ে আছে। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।
ভারতে চলতি আসরের শীর্ষ ৭টি দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। আয়োজক হিসেবে পাকিস্তান টুর্নামেন্টে সরাসরি অংশ নেবে। পাকিস্তান বিশ্বকাপে এখন পর্যন্ত টেবিলের শীর্ষ আটেই রয়েছে, তারাসহ বিশ্বকাপের শীর্ষ আটটি দল খেলার যোগ্যতা অর্জন করবে ওই টুর্নামেন্টে। পাকিস্তান যদি আটের বাইরে নেমে যায়, তাহলে শীর্ষ সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে, স্বাগতিক হিসেবে খেলবে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ২০১৩ ও ২০১৭ আসরে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো অংশগ্রহণ করেছিল। ২০২১ সালে টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের নতুন নিয়ম করে দেয় আইসিসি।
ক্রিকইনফো বলছে, আইসিসির এমন নিয়মকে বিস্ময়কর বলে মন্তব্য করেছে একাধিক দেশের ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলো এবং বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া দলগুলোর অনেকেই এবিষয়ে অবগত ছিলেন না। এই নিয়মের কারণে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো বিশ্বকাপে খেলতে না পারায় আগেই বাদ পড়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের প্রতিযোগিতা থেকে।
শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর পুরস্কার বিতরণীর মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এরপর নতুন নিয়মের বিষয়টি বড় আকারে আলোচনায় আসে। সাকিব জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য শীর্ষ আটে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে।
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে খেলা হবে অবশ্য পূর্ববর্তী আসরগুলোর নিয়মেই। চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। সেমিতে জেতা দুটি দল স্বাভাবিক নিয়মেই খেলবে ফাইনালে।







