প্রিমিয়ার লিগে ভরাডুবি ব্লুজ বাহিনীর। টানা ব্যর্থতায় কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। প্রথম ম্যাচে তিনিও হয়েছিলেন ব্যর্থ। চেলসি হেরেছিল উলভসের বিপক্ষে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। তার আগেই সু-খবর চেলসি ক্যাম্পে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অধিনায়ক থিয়েগো সিলভা।
গত ফেব্রুয়ারিতে চোট পেয়েছিলেন সেলেসাও ডিফেন্ডার। টটেনহ্যামের বিপক্ষে লন্ডন ডার্বিতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর থেকেই ছিলেন দলের বাইরে। এদিকে প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচ খেলেছে স্টামফোর্ড ব্রিজের দলটি। মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে অবস্থান টেবিলের এগারোতে।
রিয়াল ম্যাচ সামনে রেখে কোচ ল্যাম্পার্ডের অধীনে সোমবার অনুশীলন করেছে ব্লুজবাহিনী। অনুশীলনে দেখা মেলে সিলভার। ব্রাজিলিয়ান তারকার প্রত্যবর্তন নিজেদের জন্য আর্শীবাদ হিসেবে দেখছে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটি। চেলসি মনে করছে, এতে রক্ষণ শক্তিশালী হচ্ছে তাদের। এমনকি নেতৃত্বেও দেখা যাবে তাকে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথমদিন দুটি ম্যাচে লড়বে ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ ও বেনফিকা-ইন্টার মিলান। একদিন পরেই প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-চেলসি ও নাপোলি-এসি মিলান।







