একদিকে নিজেদের প্রথম শিরোপার অপেক্ষা আর্সেনালের, অন্যদিকে পিএসজির টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের শুরুটা রাঙিয়েছে আর্সেনাল। কাই হাভার্টজের গোলে প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
হাঙেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায় ম্যাচের ষষ্ঠ মিনিটে আর্সেনালকে গোল এনে দিয়েছেন হাভার্টজ। মার্কিনিউসের ক্লিয়ারেন্স ট্রোসার্ডের গায়ে লেগে সরাসরি চলে আসে হাভার্টজের পায়ে। বল নিয়ে বাঁ দিক দিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে তখন কেবল ছিলেন গোলরক্ষক সাফোনভ। বক্সের কোণাকুণি ও বেশ কঠিন একটা কোণ থেকে গোলকিপারের মাথার ওপর দিয়ে বুলেট গতিতে জালে বল পাঠান হাভার্টজ।
প্রথমার্ধে রক্ষণভাগে মনোযোগ রেখে খেলেছে আর্সেনাল। গতবারের চ্যাম্পিয়নরা বল দখলে আধিপত্য দেখায়। প্রায় ৭৭ শতাংশ বল নিজেদের দখলে রেখেও সুবিধা আদায় করতে পারেনি। বিপরীতে ২৩ শতাংশ বল দখলে রেখে গোলমুখে এটি শট নিয়ে একটি থেকেই সুবিধা আদায় করে গানাররা। অন্যদিকে পিএসজির নেয়া চারটি শটের একটিও লক্ষ্যে ছিল না।
সমতায় ফিরতে বেশ কয়েকবার আক্রমণও করেছিল পিএসজি। তবে আর্সেনাল রক্ষণ ভাঙা সম্ভব হয়নি ফরাসি ক্লাবটির। শেষ অবধি ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যেতে হয়েছে তাদের।








