লা লিগার বাজে ফর্মের ছায়া চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনাকে ভর করেছিল। ভ্যাঞ্জেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধে দুই গোলের লিড নেয় বেনফিকা। দ্বিতীয়ার্ধে আরেকবার দুই গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে খেলা নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।
বেনফিকার মাঠে মঙ্গলবার ৫-৪ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচসেরা রাফিনহা। জয়ে এক ম্যাচ হাতে রেখেই টেবিলের শীর্ষ আটের মধ্যে থেকে সরাসরি শেষ ষোলোয় উঠে গেল বার্সেলোনা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে দুইয়ে আছে তারা।
রাতের আরেক ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফরাসি ক্লাব লিলকে হারাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে লিভারপুলকে। ১০ জনের লিলের বিপক্ষে অলরেডরা জিতেছে ২-১ ব্যবধানে।
৩৪ মিনিটে মোহাম্মেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৯ মিনিটে আইসা মান্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিল। তিন মিনিট পর জোনাথন ডেভিডের গোলে সমতা আনে অতিথিরা।
লিলের ম্যাচে ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭ মিনিটে বদলি হার্ভি এলিয়টের গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।
রাতে লেভারকুসেনের সঙ্গে ২-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মোনাকোর সঙ্গে ১-০তে হেরে গেছে অ্যাস্টন ভিলা।








