ফুটবল

বার্সা-সিটি-পিএসজির জয়, অ্যাটলেটিকোর হোঁচট

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচে গোল উদযাপন করছে, যা ফুটবল প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিও পেয়েছে জয়ের স্বাদ। তবে ড্র নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা। ২৮ মিনিটের মাথায় ফেররান তরেসের ডান পায়ের লক্ষ্যভেদে কাতালান ক্লাবটি লিড পায়। তরেসের অ্যাসিস্টে দূরপাল্লার শটে ফার্মিন লোপেজ বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৬২ মিনিটে শাখতারের হয়ে হিওরহি সুদাকভের গোল করলেও তা অতিথিদের পরাজয় এড়াতে পারেনি।

বার্সেলোনা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পকে ৪-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পোর্ত।

‘জি’ গ্রুপের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলের রাতে ইয়াং বয়েজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির গোলে সিটি এগিয়ে যায়। চার মিনিট পর মেশাক এলিয়ার নিশানাভেদে ঘরের মাঠে সমতায় ফেরে ইয়াং বয়েজ। হালান্ড স্পট কিক থেকে ৬৭ মিনিটে বল জালে জড়ান। পরে রদ্রির পাসে বল নিয়ে ডান পায়ের শটে নরওয়েজিয়ান তারকা ৮৬ মিনিটে আবারো গোলের দেখা পান।

তিন খেলার সবকটিতে জেতা ম্যানসিটি ৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার। রেডস্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারানো লেইপজিগ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

পার্ক ডে প্রিন্সেসে ‘এফ’ গ্রুপের ম্যাচে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি। কাইলিয়ান এমবাপে ৩২ মিনিটে দলকে লিড পাইয়ে পেন। এরপর ৫৩ মিনিটে রান্ডাল কোলো মুয়ানি ও ৮৯ মিনিটে লি কাং-ইন লক্ষ্যভেদ করেন।

পিএসজি ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে। নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে নিউক্যাসেল। ২ পয়েন্ট নিয়ে তলানিতে এসি মিলান।

স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ মিনিটে কিয়াগো ফুরুহাশির গোলে সেল্টিক লিড পায়। অ্যান্টনিও গ্রিজম্যান ২৫ মিনিটে লক্ষ্যভেদ করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান। তিন মিনিট পর লুইস পালমা স্বাগতিকদের আবারো এগিয়ে দেন। ৫৩ মিনিটের মাথায় আলভারো মোরাতা বল জালে জড়িয়ে অ্যাটলেটিকোর ডেরায় স্বস্তি ফেরান। ৮২ মিনিটে রদ্রিগো ডি পল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ডিয়েগো সিমিওনের দল দশজনের দলে পরিণত হলেও হার এড়িয়ে ম্যাচ শেষ করে।

ড্র পাওয়ায় ‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্ট টেবিলের দুই নম্বরে অ্যাটলেটিকো। লাজিওর বিপক্ষে ৩-১ গোলের জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফেইনুর্ড রটারডাম।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বার্সেলোনা ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…