গেল বছরের শেষে স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে মামলা করেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেসময় ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা এবং অন্যান্য অর্থ দাবি করেছেন তিনি। এই মামলা মুম্বাই শহরের আন্ধেরি আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের কাছে দায়ের করা হয়।
তাইতো বারবার সেলিনা ফিরে দেখছেন তার বিচ্ছিন্ন দাম্পত্য। স্মৃতিচারণে উঠে আসছে নানা তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি তিনি জানালেন, বিবাহবার্ষিকীর দিন বিচ্ছেদের নোটিশ ধরান পিটার।
১৫তম বিবাহবার্ষিকীর সকালেও সেলিনা ঘুণাক্ষরে টের পাননি তার সঙ্গে এত বড় প্রতারণা করবেন স্বামী পিটার। তাকে উপহারের টোপ দিয়ে পোস্ট অফিসে নিয়ে যান পিটার। সেখানে তার হাতে বিচ্ছেদের নোটিশ তুলে দেন। বিশেষ দিনে তার অনুভূতি নিয়ে এভাবে ছেলেখেলা করবেন তার স্বামী, মনে পড়লেই ভিজে উঠছে তার চোখ। পুরো ঘটনাকে তিনি ‘পরিকল্পিত’ আখ্যা দিয়েছেন।
বার্তায় সেলিনা লিখেছেন, গত বছরের ১১ অক্টোবর। ঘড়িতে রাত ১টা। প্রতিবেশীদের সাহায্যে অস্ট্রিয়া ত্যাগ করেছিলেন। নিজের সম্মান, সন্তান এবং ভাইকে রক্ষা করতেই দেশ ছেড়ে পালানো ছাড়া তার আর কোন উপায় ছিল না। সেলিনা বলেন, নিরুপায় হয়ে খুব সামান্য টাকা নিয়ে তিনি ভারতে ফিরে আসেন। নতুন করে জীবন শুরু করতে বাধ্য হন।
সেলিনার আরও দাবি, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও বঞ্চিত। বার্তায় প্রাক্তন অভিনেত্রী লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছে।” তার বিরুদ্ধে সন্তানদের উস্কানি দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ তার।-হিন্দুস্থান টাইমস







