ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজক্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। মামলার জের ধরে আজ নিউজক্লিকের সাথে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে চীনের প্রোপাগান্ডাকে প্রমোট করার জন্য চীনের কাছ থেকে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে গত ১৭ আগস্ট ভারতের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজক্লিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। এই মামলার জের ধরে আজ নিউজক্লিকের সাথে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা।
এই মামলাটি বিদেশী তহবিল এবং এর ব্যবহারের নিয়ম লঙ্ঘনের সাথে সম্পর্কিত। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শেয়ার করা তথ্যের ভিত্তিতে নতুন এফআইআর করা হয়েছে এবং নিউজক্লিকের সাথে সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে কিছু সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ আছে নিউজ পোর্টালটি চীনের সাথে যুক্ত বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রায় ৩৮ কোটি টাকা রুপি গ্রহণ করেছে। এই অর্থ কী কাজে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে তা তদন্তের অধীনে রয়েছে। যারা নিউজক্লিক থেকে বেতন বা পারিশ্রমিক পেয়েছেন তারা এই তদন্তের আওতায় আছেন। আজ যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাদের ল্যাপটপ এবং ফোন আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে।
মামলা দায়ের করার পর নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ জানিয়েছিলেন, বিভিন্ন সংস্থার এই তদন্ত, এবং এই বাছাইকৃত অভিযোগগুলো, নিউজক্লিকসহ ভারতীয় মিডিয়া সংস্থাগুলোর স্বাধীন সাংবাদিকতাকে স্তব্ধ করার একটি চেষ্টা৷ এগুলো নতুন অভিযোগ নয়, এসব অতীতেও হয়েছে। বিষয়টি বিচারাধীন থাকায় আমরা আদালতে এর জবাব দেব।










