চট্টগ্রামের সিইপিজেডে ইউনিটি এক্সেসরিস লিমিটেড নামের একটি কার্টন তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইপিজেড বেপজা গেটের সামনে ১ নম্বর রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে । রাত পৌণে নয়টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
চট্টগ্রাম সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আটটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। ইউনিটি এক্সেসরিস লিমিটেড নামের কারখানার চতুর্থ তলায় আগুন লাগে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ছয়তলা ভবনের চার তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন অন্য ফ্লোরে ছড়াতে পারেনি। চার তলায় আগুন সীমাবদ্ধ রয়েছে। আগুন নেভানোর পর পর্যালোচনা করে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে।









