চীনের হুনান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড়ের উপর গাড়ি চালিয়েছে চালক। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নির্ধারণ না হলেও, ধারণা করা হচ্ছে অনেকে আহত এবং নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় সংবদামাধ্যম সূত্রে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলটি চীনের দক্ষিণ হুনান প্রদেশের ডিংচেং জেলার ইয়ং’আন প্রাথমিক বিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত হতাহতের কোনও বিবরণ নেই। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ‘বেশ কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়াও অনেককে মাটিতে পড়ে থাকতেও দেখা গেছে।
চালককে উপস্থিত অভিভাবক এবং স্কুল নিরাপত্তা কাজে নিয়োজীত সদস্যরা বন্দি করে পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে চীনে এমন অনাকাঙ্খিত ঘটনা তৃতীয়বার ঘটেছে। এরআগে ১২ নভেম্বর দক্ষিণ চীনে একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছিলেন। এছাড়াও পূর্ব চীনের একটি স্কুলে ছুরিকাঘাতে আটজন নিহত হওয়ার ঘটনাও অন্যতম।








