টানা তৃতীয় বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর এপ্রিলে জেনারো গাত্তুসো পদত্যাগ করলে আজ্জুরিরা প্রধান কোচবিহীন হয়ে পড়ে। পেপ গার্দিওলার সাথে আলোচনার আগেই কোচের দায়িত্বের জন্য কার্লো আনচেলত্তির সাথে যোগাযোগ করেছিল ইতালি। তবে আনচেলত্তি নাকচ করে দেন সেই প্রস্তাব।
বৃহস্পতিবার, দেশটির ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, ইতালি প্রথমে তাদের সাবেক খেলোয়াড় আনচেলত্তির সাথে যোগাযোগ করেছিল। একটি সংবাদ সম্মেলনে মালদিনি বলছেন, ‘আমরা সত্যটি গোপন করতে পারি না, পেপের সাথে কথা বলার আগে আমরা কার্লোর সাথেও কথা বলেছিলাম। সত্যি বলতে, যাদের আমরা বিশ্বের সেরা বলে মনে করি, তাদের দিয়েই শুরু করাটা সঠিক বলে মনে হয়েছিল।’
ইতালিয়ান কোচ আনচেলোত্তি নিজ দেশের দায়িত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইতালি ফুটবল ফেডারেশনের আগ্রহ থাকা সত্ত্বেও, তিনি আপাতত ব্রাজিলের দায়িত্বের কথাই ভাবছেন।
আনচেলত্তি, ইতালি এবং এসি মিলান উভয় দলেই মালদিনির সাবেক সতীর্থ ছিলেন। ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি নবায়ন করেন। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয়া সত্ত্বেও, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে ৬৭ বর্ষী এই কোচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্বেই থাকবেন।







