কারাবাও কাপে নতুন এক রেকর্ড গড়েছে ফুলহ্যাম ও প্রেস্টন নর্থ এন্ডের ম্যাচ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে সমাধান গড়ায় টাইব্রেকারে। রেকর্ড ৩৪ শটের ম্যারাথন টাইব্রেকারে শেষপর্যন্ত প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামকে হারিয়ে দিয়েছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্রেস্টন।
মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল দুদল। টাইব্রেকারে পেস্টন ১৬-১৫ ব্যবধানে জয় পেয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। বিদায় হয়েছে ফুলহ্যামের।
টাইব্রেকারের প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতা ছিল। ফুলহ্যামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বার উঁচিয়ে বাইরে মারার পর প্রেস্টনের রায়ান লেডসন গোল করে জয় এনে দেন।
আগের রেকর্ডটি ছিল ৩২ শটের। ২০১৬ সালে টাইব্রেকারে ডার্বি ১৪-১৩ গোলে হারিয়েছিল কার্লাইলকে।







