ভোর রাত থেকে টানা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী প্রায় সব রাস্তাঘাট। কোথাও কোথাও হাটু পর্যন্ত পানি জমতে দেখা গেছে। তীব্র গরমের পর বৃষ্টি কিছুটা স্বস্থি দিলেও বাড়িয়েছে ভোগান্তি।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।
সকালের এ বৃষ্টিতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সোমবার ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।







