বাংলাদেশের জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। যদিও অভিজ্ঞ টাইগার ক্রিকেটার নিজেও বিশ্বাস করেননি যে, তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারবেন।
বৃহস্পতিবার মিরপুর টেস্টে দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরি করেন মুশফিক। খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে জানালেন, অনুভূতির কথা।
বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা তো আসলে আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারি না… বিশেষ করে একজন বাংলাদেশি ক্রিকেটার ১০০ টেস্ট খেলবে। তো এটা সত্যিই অনেক বড় অর্জন। শুধু আমার হয়েছে জন্য বলছি না। যে কোনো দেশের, যে কারও জন্য এটা গর্বের মুহূর্ত। অবশ্যই ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি।’
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলক ছোঁয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন মুশফিক। নিজের অবসরের আগে তরুণদের প্রস্তুত করে রেখে যেতে চান তিনি।
বলেছেন, ‘আমার ওপর দায়িত্বটা এখন অনেক বেশি। সেটা চেষ্টা করব। আর যে কয়টা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি। আর এর সঙ্গে যেন আমি (অবসরে) যাওয়ার পরেও ড্রেসিংরুমে যেন এক-দুইজন ক্রিকেটার দিয়ে রেখে যেতে পারি, যাতে সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ।’







