প্যারিস অলিম্পিকে ষষ্ঠ দিনে ক্যানোয়িংয়ে ছেলেদের কায়াক এককে সবার আগে রেস শেষ করেছিলেন স্পেনের পাউ একানিজ। তবে ভুল করে বসেছিলেন রেসে। যে কারণে জরিমানা হয় তার। তাতে সোনা জিতে নেন ইতালির জিওভান্নি ডি জেনারো।
ছেলেদের এককে রেস শেষ করতে ৮৬.৮৭ সেকেন্ড সময় নেন একানিজ। ১৯ গেটে ভুল করে বসেন স্পেনিয়ার্ড। পরে দুই সেকেন্ড জরিমানা করা হয় তাকে। তাতে দ্রুততম সময়ে রেস শেষ করার পরও সোনা হারাতে হয়েছে একানিজকে। জরিমানাসহ ৮৮.৮৭ সেকেন্ডে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
ইতালির জিওভান্নি রেস শেষ করতে সময় নিয়েছেন ৮৮.২২ সেকেন্ড। তা দিয়ে দেশকে এনে দিয়েছেন চতুর্থ সোনা। ৮৮.৪২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন ফ্রান্সের টিটুয়ান ক্যাস্ট্রিক।







