ঢাকায় যখন একের পর এক বড় কনসার্ট বাতিলের খবর ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে আয়োজকরা সপ্তাহখানেক আগেই নিশ্চিত করেছিলেন—আগামী ১৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেইজ শো–২০২৫’। প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এতে আরও অংশ নেয়ার কথা ছিল ফুয়াদ, নেমেসিসসহ কয়েকজন দেশীয় শিল্পীর।
‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ নামে পরিকল্পিত চ্যারিটি কনসার্ট এককভাবে আয়োজন সম্ভব না হলেও, শেষ পর্যন্ত স্পিরিটস অব জুলাই এবং লাইভ–এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেইজ যৌথভাবে আয়োজন করছিল ‘মেইন স্টেইজ শো–২০২৫’।
আয়োজকদের ঘোষণায় তরুণ দর্শক–শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছিল নতুন উচ্ছ্বাস। কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ দেওয়ার কথা ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে, যা ব্যবহার হতো জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাঁদের পরিবারের পুনর্বাসনে।
তবে কনসার্ট শুরুর দুদিন আগে থেকে নানা অনিশ্চয়তার খবর পাওয়া যাচ্ছিল। আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অফিস সময় শেষ হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। শুক্রবার সরকারি ছুটি, আর শনিবারই কনসার্টের দিন—ফলে আয়োজনে তৈরি হয় বড় ধরনের জটিলতা। নিরাপত্তা ছাড়পত্র, স্থানীয় অনুমোদন ও গুরুত্বপূর্ণ লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় আয়োজকরা কার্যত অসহায় অবস্থায় পড়েন।
শেষ পর্যন্ত কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে পাকিস্তানি এই তারকা শিল্পী লিখেছেন,“প্রিয় বাংলাদেশি ভক্তরা,
দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমরা ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারছি না। কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক–সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে সমাধান করতে পারেনি—এ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের সমর্থন ও ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।”
তার এই ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায়—বছরের অন্যতম প্রত্যাশিত মিউজিক্যাল ইভেন্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না।
আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, কনসার্টটি শিগগিরই নতুন তারিখে আয়োজনের সম্ভাবনাও আপাতত অনিশ্চিত।








