বিনোদন

বদলে গেল নাট্যকারদের সংগঠনের নাম, নতুন লক্ষ্য কী?

বদলে গেল নাট্যকারদের সংগঠনের নাম, নতুন লক্ষ্য কী?

টেলিভিশনের পাশাপাশি ওটিটি ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নাট্যকার ও স্ক্রিন রাইটারদের কাজের পরিধি বাড়ায় নিজেদের নাম পরিবর্তন করেছে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’। এখন থেকে সংগঠনটির নতুন নাম ‘স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নিকেতনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নাট্যকার আফরিন জেসিকার সঞ্চালনায় সভা শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন সভার আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল এবং নাট্যকার বিদ্যুৎ রায়।

নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন বলেন, বর্তমানে নাট্যকাররা শুধু টেলিভিশনের জন্য কাজ করছেন না। ওটিটি, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের লেখা প্রচারিত হচ্ছে। ফলে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’ নামটি সংগঠনটিকে কেবল টেলিভিশনের লেখকদের প্রতিনিধিত্বকারী হিসেবে পরিচিত করে।

তিনি আরও বলেন, টেলিভিশন, ওটিটি ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কাজ করা নাট্যকার ও স্ক্রিন রাইটারদের একই ছাতার নিচে নিয়ে আসাই নতুন নামকরণের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সব মাধ্যমের লেখকদের জন্য একটি অভিন্ন পেশাগত পরিচয় প্রতিষ্ঠা করতে চায় সংগঠনটি।

সভায় নতুন কমিটির কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন মেজবাহ উদ্দিন সুমন। এ ছাড়া সংগঠনের প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র পাঠ করে শোনান নাট্যকার মনসুর রহমান চঞ্চল। নতুন নাম, গঠনতন্ত্র ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত নাট্যকারদের মধ্যে খোলামেলা মতবিনিময় হয়।

সভাপতির বক্তব্যে নাট্যকার শিহাব শাহীন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নতুন কমিটি নাট্যকারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, কপিরাইট আইনের আওতায় তাদের স্বার্থ ও মেধাস্বত্ব সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সৃজনশীল কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

সভা শেষে উপস্থিত নাট্যকাররা ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন মাধ্যমে কাজ করা নাট্যকার ও স্ক্রিন রাইটারদের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন নামকরণের মধ্য দিয়ে টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা লেখকদেরও একই পেশাগত পরিচয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বিষয়:আফরিন জেসিকা নাট্যকার নাম পরিবর্তন মেজবাহ উদ্দিন সুমন শিহাব শাহীন স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…