কানাডিয়ানদের জন্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল একটি ‘বিজয়’

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের যে ফল এসেছে, অনেক কানাডিয়ানই হয়তো এমনটাই চেয়েছিলেন। কারণ ডেমোক্র্যাটদের ব্যাপক জয়কে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক মিত্রদের ওপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার (৪ নভেম্বের) সকালে বলেন, ‘আমি আনন্দে রাস্তায় ডিগবাজি খাচ্ছিলাম।’ তিনি একে ‘কানাডার জন্য একটি বিজয়’ বলে বর্ণনা করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের এই ফলাফল হয়তো খুব শিগগিরই কানাডাকে ওই শুল্ক থেকে স্বস্তি এনে দেবে না। তবে বাণিজ্য আলোচনা আবার শুরু হওয়ায় রাজনৈতিক পরিবর্তনগুলো অটোয়ার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যাতে তারা ভালো কোনো সমঝোতা করতে পারে, এমন প্রত্যাশা রয়েছে।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ ও চাক শুমার, যাদের রাজনৈতিক প্রভাব এখন আরও বেড়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
তবুও কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শুল্কনীতিতে খুব বেশি পরিবর্তন আনতে নাও পারে। কারণ ট্রাম্পের আরোপিত শুল্কের বেশিরভাগই কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।





