সাউথ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের একদিন বাকি থাকতেই ৭ উইকেটে হার দেখেছে শান্তবাহিনী। সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টের দরে এক পরিবর্তন এনেছে টিম টাইগার্স।
আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট গড়াবে। বৃহস্পতিবার রাতে স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ।
প্রথম টেস্টের একাদশে অবশ্য ছিলেন না তাসকিন। মিরপুরে বাংলাদেশ একজন পেসার নিয়ে খেলেছে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ স্পিনার ছিলেন তিনজন। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় হার দেখেছে টিম টাইগার্স। দ্বিতীয় টেস্ট খেলতে আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামে যাবে টাইগার দল।
বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।







