সন্ত্রাস ও সহিংসতার আহ্বান রয়েছে-এমন সোশ্যাল মিডিয়া পোস্ট সরাসরি হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে রিপোর্ট করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারে।
এতে আরও বলা হয়, যে কোনো ধরনের হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় অথবা সহিংসতার আহ্বান জানায়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা উসকে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার না করার পাশাপাশি দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসংবলিত পোস্ট রিপোর্ট করতে হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ এবং ইমেইল ঠিকানা [email protected] ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।








