ট্রাকচাপায় বাসচালক নিহত

Dhaka Medical College Hospital’s main entrance with visitors and staff, showcasing the emergency department signage. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় ট্রাকচাপায় সজীব রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি রাইদা পরিবহন বাসের চালক ছিলেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সজীবের বাবা মো. শাহ আলম জানান, স্ত্রী নাজমা ও এক ছেলেকে নিয়ে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে থাকেন সজীব। দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিল সজীব।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কাজ শেষ করে বাসায় আসছিলেন। পথে গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।






