গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল এক ম্যাচ হেরেছিল লেভারকুসেন। সেটি ছিল আটালান্টার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে, অপরাজিত থাকার ফিফটি পেরিয়ে। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা তার আগে সবশেষ হেরেছিল ২০২২-২৩ মৌসুমের শেষদিনে, বোখুমের বিপক্ষে। পরে ৪৬২ দিন হারেনি। অবশেষে হারের মুখ দেখতে হল ক্লাবটিকে। সেজন্য তিক্ত অনুভূতির কথাই জানালেন কোচ জাবি আলোনসো।
বুন্দেসলিগায় শনিবার রাতে লেভারকুসেনকে তাদের মাঠে ৩-২ গোলে হারায় লেইপজিগ। জার্মান লিগে আলোনসোর দলের ৩৫ ম্যাচে অপরাজেয় যাত্রা শেষ হয়েছে এ পরাজয়ে। অন্যদিকে লেভারকুসেনকে হারিয়ে নিজেদের অপরাজেয় যাত্রা ১৩তে নিয়ে গেছে লেইপজিগ।
ম্যাচ শেষে ৪২ বর্ষী স্পেনিয়ার্ড কোচ আলোনসো বলেছেন, ‘এটি কঠিন, এটি তিক্ত। আমার মনে হয় না যে, আজ হারার যোগ্য ছিলাম। এই ম্যাচ থেকে ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে।’
‘এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। ২-০তে এগিয়ে থাকার পরও প্রতিপক্ষকে ম্যাচ জিততে দেয়ার ব্যাপারটি ভালো নয়। তবে এটা একটা প্রক্রিয়া, এখনও মৌসুমের শুরুতেই আছি।’







