মহাখালী এলাকায় ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় গুলশান ও উত্তরা এক্সচেঞ্জের বেশ কিছু টেলিফোন লাইন বিকল হয়ে পড়েছে। মেরামতে কাজ করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
আজ সোমবার ১৩ মে বিটিসিএল এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।
এতে জানানো হয়েছে, মহাখালী এলাকায় বিটিসিএল এর ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় ১২ মে রোববার সকাল থেকে রাজধানীর গুলশান ও উত্তরা এক্সচেঞ্জের আওতায় বেশ কিছু টেলিফোন বিকল হয়ে পড়ে। ইতোমধ্যে কিছু টেলিফোন চালু করা সম্ভব হলেও উত্তরা, নিকুঞ্জ, গুলশান ১ ও ২, বনানী, বাড্ডা, তেজগাঁও এবং মহাখালী এলাকার কিছু টেলিফোন চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা যায়, খুব শিগগিরই টেলিফোন সার্ভিস স্বাভাবিক করা সম্ভব হবে।
বিবৃতিতে গ্রাহক সাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিটিসিএল কর্তৃপক্ষ।







