নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

ছবি: সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬-এর সঙ্গে তৃতীয়বারের মতো যুক্ত হয়েছে দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এবার প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও বিভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রিন্ট ও অনলাইন বিভাগে ১৫টি এবং টেলিভিশন ও রেডিও বিভাগে ১১টি ক্যাটাগরি রয়েছে।
ডিআরইউ সদস্যদের ২০২৫ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন এ পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর।
জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।
সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। একটি ভালো রিপোর্ট শুধু সংবাদ নয়, অনেক সময় তা হয়ে ওঠে সময়ের দলিল।
তিনি বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, মানুষের কথা তুলে ধরা এবং সত্যকে পাঠকের সামনে নিয়ে আসার পেছনে একজন রিপোর্টারের অনেক শ্রম, ঝুঁকি ও দায়িত্ববোধ থাকে। সেই কাজের স্বীকৃতি দিতেই ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজন করা হচ্ছে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউর অংশীদার হয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। দেশের সাংবাদিকতাকে উৎসাহিত করতে নগদের এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।
তিনি বলেন, ডিআরইউর সদস্য সাংবাদিকদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ পুরস্কার সাংবাদিকদের সৃজনশীলতা, অনুসন্ধানী মনোভাব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট ও অনলাইন বিভাগের ১৫টি ক্যাটাগরির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি; শিক্ষা; স্বাস্থ্য; বিদ্যুৎ ও জ্বালানি; আর্থিক খাত; অপরাধ ও আইনশৃঙ্খলা; আর্থিক অন্তর্ভুক্তি; রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন; ক্রীড়া; কৃষি ও পরিবেশ; নারী, শিশু ও মানবাধিকার; সুশাসন ও দুর্নীতি; নগরীর সমস্যা ও সম্ভাবনা; বৈদেশিক সম্পর্ক এবং সামগ্রিক অর্থনীতি।
টেলিভিশন ও রেডিও বিভাগের ১১টি ক্যাটাগরির মধ্যে রয়েছে শিক্ষা; স্বাস্থ্য ও সেবা খাত; বিদ্যুৎ ও জ্বালানি; আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতি; অপরাধ ও আইনশৃঙ্খলা; আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন; ক্রীড়া; কৃষি ও পরিবেশ; নারী, শিশু, মানবাধিকার ও সুশাসন এবং অনুসন্ধানীমূলক তথ্যচিত্র বা অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নগদ ২০২১ সালে প্রথমবার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালের আয়োজনের পর এবার তৃতীয়বারের মতো এ পুরস্কারের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।





